আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সাবেক স্পিকার, বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলী আর নেই। রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে খুলনার ফারাজি পাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ২০১২ সালের আগস্ট থেকে খুলনার বাসভবনেই ছিলেন তিনি। আজ সকাল সাড়ে ১০টায় রাজ্জাক আলীর মরদেহ খুলনা জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে রাখা হবে। সেখানে আইনজীবীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর বেলা ১১টায় লাশ নেয়া হবে খুলনা সার্কিট হাউস ময়দানে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লাশ মরহুমের গ্রামের বাড়ি পাইকগাছা উপজেলার হিতামপুর গ্রামে নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। মৃত্যুর খবর শুনে মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু মরহুমের বাড়িতে ছুটে যান। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা ছিলেন। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপির নেতারা। বিবৃতিদাতারা হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু, মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, জাফরুল্লাহ খান সাচ্চু, শেখ মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম মেঝো ভাই, অধ্যাপক মাজিদুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা ও ড. মামুন রহমান, অ্যাডভোকেট গাজী আবদুল বারী, ডা. গাজী আবদুল হক প্রমুখ।
সংক্ষিপ্ত জীবনী : বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী শেখ রাজ্জাক আলীর জন্ম খুলনার পাইকগাছা উপজেলার হিতামপুর গ্রামের এক ব্যবসায়িক মুসলিম পরিবারে ১৯২৮ সালের ২৮ আগস্ট। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন আইনজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে (১৯৫২) ও বাংলা সাহিত্যে (১৯৫৪) মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর এলএলবি সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় তিনি ভাষা আন্দোলনে যোগ দেন। ১৯৫৮ সালে তিনি খুলনা জেলা জজ কোর্টে ওকালতি শুরু করেন। ১৯৬৩ সালে ঢাকা হাইকোর্ট বারের সদস্য হন। ১৯৬৪ সালে খুলনা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি খুলনা ল’ কলেজের প্রতিষ্ঠাকালীন সহ-অধ্যক্ষের দায়িত্বও পালন করেন। তিনি সিটি ল’ কলেজ খুলনা, সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় খুলনা, পাইকগাছা ডিগ্রি কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠতা। এ ছাড়াও তিনি খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ব্লাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সরাসরি সশস্ত্র অংশগ্রহণ করতে সীমান্ত অতিক্রম করে তিনি টেট্রা ক্যাম্পে চলে যান।
শেখ রাজ্জাক আলীর রাজনৈতিক জীবনের হাতেখড়ি মওলানা ভাসানীর হাতে। প্রথমে ন্যাপের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর তিনি যোগ দেন জাসদে। ১৯৭৮ সালে বিচারপতি সাত্তারের নেতৃত্বে গঠিত জাগদলের প্রতিষ্ঠাতা সদস্য হন তিনি। ১৯৮৯ সালে এ দলের নাম পরিবর্তন করে ‘বিএনপি’ করা হয় এবং সে বছর অনুষ্ঠিত নির্বাচনে খুলনা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে ১৯৯১ ও ১৯৯৬ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালে আইন প্রতিমন্ত্রী নিযুক্ত হন। সে বছরই ডেপুটি স্পিকার ও স্পিকার নির্বাচিত হন। ১৯৯২ সালে তিনি শ্রীলংকার কলোম্বোতে প্রথম সার্ক স্পিকারস সম্মেলনে যোগদান করেন ও সার্ক স্পিকারস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। ২০০২ সালে তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৬ সালের শেষদিকে বিএনপি ছেড়ে কর্নেল অলি আহমদের সঙ্গে এলডিপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু কিছুদিন পর তিনি রাজনীতি থেকে অবসরগ্রহণ করেন।
১৯৫৩ সালে ভাষাসৈনিক ও লেখিকা অধ্যাপক বেগম মাজেদার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেখ রাজ্জাক আলী। তাদের পাঁচ কন্যাসন্তানের সবাই নিজ নামে খ্যাতিমান ও সুপ্রতিষ্ঠিত।